দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর রাণীনগর-আবাদপুকুর আঞ্চলিক সড়কে পথচারীদের অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ বলছে, ছিনতাইয়ের সময় কয়েকজনকে মারধরও করা হয়। তাদের মধ্যে দু-একজনের পরনের কাপড় কেটে গাছের সঙ্গে বেঁধে রেখে যায় দুর্বৃত্তরা।
গ্রেপ্তার দুজন হলেন, বগুড়ার আদমদীঘি উপজেলার চা বাগান কলোনির আফসার আলীর ছেলে মো. মনিরুল ইসলাম ওরফে বাইরুল ও বেলাল (৩৮) এবং নওগাঁর রাণীনগর উপজেলার রাজাপুর গ্রামের শহিদুল মণ্ডলের ছেলে নাহিদ হোসেন (২২)।
পুলিশের ভাষ্য, গত ১৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে রাণীনগর-আবাদপুকুর সড়কের বেলঘড়িয়া বাজার এলাকায় নবীর খানের সেডের সামনে নির্জন স্থানে এক হাঁস ব্যবসায়ীর পথ আটকে ছিনতাই করা হয়। পরে একই এলাকায় এক ভ্যানচালক এবং দুটি মোটরসাইকেলে থাকা চার আরোহীকেও অস্ত্রের মুখে জিম্মি করা হয়।
এ সময় তাদের কাছ থেকে কয়েক হাজার টাকা ও ছয় থেকে সাতটি মুঠোফোন নিয়ে যায় ছিনতাইকারীরা। হামলায় হাবিবুর বাশার, সুজন, এরশাদ, সোহেল ও ফয়সালসহ কয়েকজন আহত হন।
ঘটনার পরপরই ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। রাণীনগর থানার পুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা পুলিশ ও বিশেষ দল অভিযানে নামে। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা, রাণীনগর ও আত্রাই থানার সদস্যদের সমন্বয়ে দলটি কাজ করে।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ১৭ ও ১৮ সেপ্টেম্বর সম্ভাব্য আসামিদের শনাক্ত করা হয়। এরপর নওগাঁ, নাটোর, বগুড়া ও জয়পুরহাটের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪৮ ঘণ্টা পর ২০ সেপ্টেম্বর বাইরুল ও নাহিদকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ও ভোররাতে চারজন মিলে ওই সড়কে দুই দফা ছিনতাইয়ের কথা জানিয়েছেন। নওগাঁ-নাটোর আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থানেও ছিনতাইয়ের চেষ্টা করেছিলেন বলে তারা জানিয়েছেন। নাহিদ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ছিনতাই হওয়া একটি মুঠোফোনসহ আরও কয়েকটি মুঠোফোন এবং একটি হাসুয়া উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, বাইরুলের বিরুদ্ধে ছিনতাই ও ডাকাতিসহ ছয়টি মামলা রয়েছে। এসব মামলায় তিনি প্রায় ১৭ মাস কারাগারে ছিলেন।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁ-রাণীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক সড়কে ছিনতাই ও দস্যুতা বন্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
যে আই